অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষিকা অাটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২১:১৭
 
নিজ বাসায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে খুলনা সদর থানার সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) এবং নগরীর পশ্চিম টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে আটক করা হয়েছে।
 
নগরীর দক্ষিণ টুটপাড়াস্থ দিলখোলা রোড এলাকার বাসা থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় শিক্ষিকার স্বামী ওই দু’জনকে আসামি করে মামলা করেছেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার সহকারী পরিদর্শক (এসআই) সুব্রত কুমার বাড়ই বলেন, শিক্ষিকার স্বামী বৃহস্পতিবার রাতে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিন্তু তিনি সাত রাস্তার মোড় পর্যন্ত গিয়ে পুনরায় বাসায় ফিরে আসেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান তার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এ অবস্থায় তিনি এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
 
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, তিনি দু’জনের আটকের খবরটি শুক্রবার সকালে শুনেছেন। কিন্তু অফিস ছুটি থাকায় তাদের বিরুদ্ধে আপাতত কোন পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। অফিস খুললে রবিবার তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হবে। এরপর বিধি অনুযায়ী অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি