আখ মাড়াই উদ্বোধনের পরেই বিকল, ১২ ঘণ্টা পর স্বাভাবিক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:২৭
 
দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০১৭-২০১৮ মৌসুমের আখ মাড়াই উদ্বোধনের পরেই বিকল হয়ে পড়ে। এর ১২ ঘণ্টা পর আবার মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওই মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি জয়পুরহাট চিনিকলের ৫৫তম মাড়াই মৌসুম।
 
চিনিকল সূত্র জানায়, অতিথিরা অনুষ্ঠান স্থল ত্যাগ করার আগেই মটর বিকল হয়ে পড়ায় মিলের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রকৌশলী প্রবীরের নেতৃত্বে ১০/১২ জনের একটি টিম নতুন মটর বসানোর কার্যক্রম শুরু করে। এতেও ১২ ঘণ্টা লেগে যায়। অবশেষে শনিবার সকাল সাড়ে ৬টায় আখ মাড়াই কার্যক্রম পুনরায় শুরু হয় বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফা কামাল।
 
চলতি মাড়াই মৌসুমে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৭ দশমিক ৫০ ভাগ।  গত ২০১৬-২০১৭ মাড়াই মৌসুমে ৫৫ হাজার ৬২ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার  ৯১৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল। যার মধ্যে বর্তমানে ১৫ কোটি টাকা মূল্যের সাড়ে ২ হাজার ৫শ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। মাড়াই মৌসুম উদ্বোধন উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও  চিনিকল চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
 
প্রবীণ আখচাষি হিসেবে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্বাস আলী মণ্ডল ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফা কামাল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ আখচাষিরা উপস্থিত ছিলেন। এবার আখের মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল ৩১২ দশমিক ৫০ টাকা এবং বাইরের আখ ক্রয় কেন্দ্রে ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ই-পূর্জি ও ই-গ্যাজেটের মাধ্যমে পূর্জি বিতরণ ছাড়াও মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
 
চিনিকল সূত্র জানায়, আখচাষে উৎসাহ প্রদানের জন্য ৪ হাজার ৫শ' ১৭ জন আখ চাষির মাঝে এবার উপকরণ ও নগদ ঋণ বিতরণের পরিমাণ হচ্ছে ৩ কোটি ৬৬ লাখ টাকা। উপকরণের মধ্যে রয়েছে বীজ, সার ও কীটনাশক । ২০১৬-১৭ আখ রোপণ মৌসুমে রোপা পদ্ধতিতে (এসটিপি) আখ রোপণের জন্য ৪ হাজার ৫শ' জন আখ চাষির মধ্যে প্রায় এক কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে বলে ইত্তেফাককে জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল। জয়পুরহাট চিনিকলের অধীন ১০ সাব-জোনে ৭১ টি আখ ক্রয় কেন্দ্রে আখ ক্রয় শুরু হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান