রাঙ্গামাটিতে গোলাগুলি, ইউপিডিএফ নেতা নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৪
 
রাঙ্গামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দুর্গম ধামাইছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় অনল বিকাশ চাকমা ওরফে প্লুটো চাকমা নামে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
 
ইউপিডিএফ হলো পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল। অনল বিকাশ চাকমা ওই দলের বন্দুকভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক ছিলেন।তার গ্রামের বাড়ি রাঙ্গামাটির কাউখালী উপজেলায়।
 
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, শনিবার ভোরে গোলাগুলির শব্দ শুনতে পান ওই গ্রামের স্থানীয় লোকজন। পরে তারা বিকাশ চাকমার মৃতদেহ মাটিতে পড়ে আছে এমন খবর স্থানীয় প্রশাসনকে জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাঙ্গামাটির নানিয়ারচরে বগাছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা অনতি রঞ্জন চাকমা নিহত হওয়ার ১০ দিন পর ইউপিডিএফের আরেক নেতা নিহত হলো।
 
ইত্তেফাক/জামান