বড়লেখায় মহান বিজয় দিবস পালন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৪
 
মৌলভীবাজারের বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ৬.৪০ মিনিটের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুরু হয়।
 
এরপর বড়লেখা ডিগ্রি কলেজ শহিদ মিনারে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
সকাল সাড়ে নয়টায় বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। পরে ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।
 
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, পর্যটন পুলিশের ইনচার্জ আবু ফয়ছল মো. আতিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে। দুপুর ১২টার দিকে পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির সহযোগি সংগঠনের উদ্যোগে পৃথক বিজয় মিছিল বের করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
 

ইত্তেফাক/এএম।