দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা দলের বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্ক্যালোনিকে একহাত নিলেন। ম্যারাডোনার মতে আর্জেন্টিনা দলের জন্য যোগ্য ব্যক্তি নন স্ক্যালোনি।
রাশিয়া বিশ্বকাপে কোচ হোর্হে সাম্পাওলির অধীনে নিজেদের মান অনুযায়ী খেলতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। যার খেসারত দিয়ে ফুটবলের বিশ্ব আসরের দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিদের। বিশ্বকাপের পরে চাকরিচ্যুত হন সাম্পাওলি। তার জায়গায় এখনো স্থায়ী কাউকে নিযুক্ত করেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বর্তমানে কোচ লিওনেল স্ক্যালোনির অধীনেই খেলছে দল। তারুণ্যে ভরসা রাখা স্ক্যালোনির ইতোমধ্যে দলকে জিতিয়েছেন চার ম্যাচে। একটি ড্রয়ের বিপরীতে হেরেছে একটি ম্যাচ। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে গুঞ্জন এই স্ক্যালোনিকেই আগামী বছর কোপা আমেরিকা পর্যন্ত রেখে দিতে চায় আর্জেন্টিনা।
তবে স্ক্যালোনি শেষ পর্যন্ত স্থায়ী হোন কিংবা না হোন ম্যারাডোনা ইতোমধ্যেই অসন্তুষ্টি প্রকাশ করে বসেছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডারের উপর।
সম্প্রতি স্ক্যালোনির সমালোচনা করে ম্যারাডোনা বলেন, ‘আমাদের আর্জেন্টাইনদের কোচ হিসেবে আছে লিওনেল স্ক্যালোনি, সেখানে থাকার দায় ঠিক তার নয় তবে তার সমস্যা হচ্ছে যে সেই দলের স্থায়ী কোচ এবং সে বিশ্বকাপেও যেতে চায়। সে বিশ্বকাপে যেতে পারবে, তবে সেটা ফুটবল বিশ্বকাপ নয়, মোটরসাইকেল বিশ্বকাপ।’
কিংবদন্তি এই ফুটবলার আরো বলেন, ‘আর্জেন্টিনায় আমরা খুব বাজেভাবে কাজগুলো সম্পাদন করি। আমাদের সেজার লুইস মেনোত্তি আছে, টাটা মার্টিনো, ফ্ল্যাকো (রিকার্ডো) গ্যারেচা, গুস্তাভো আলফারো, মার্সেলো গ্যালার্দো এবং ব্যারোস স্ক্যালেত্তোদের মতো কোচ আছে, কিন্তু তারপরও আমরা স্ক্যালোনিতেই ভরসা রাখছি। আমরা আর্জেন্টাইনরা উল্টো পৃথিবীতে বসবাস করছি।’
