বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৮
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার সকাল ও দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাট বেইলি ব্রিজ ও বারাকপুরে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মিজান হালদার (৩০), একই উপজেলা কোড়ামারা গ্রামের আল আমিন শেখ (২৮) এবং হানিফ পরিবহনের চালক মুকুল। মুকুলের বাড়ি রংপুরে।
 
বাগেরহাটের কাটাখালী মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল শেখ বলেন, বাগেরহাট থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এসে তাদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই গরু ব্যবসায়ী মিজান ও আল আমিন মারা যান। নিহতরা স্থানীয় গরু ব্যবসায়ী। তারা গরু কিনতে পিকআপ নিয়ে যশোর যাচ্ছিলেন।
 
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাসস্ট্যান্ডের কাছে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হানিফ পরিবহনের চালক মুকুল নিহত হয়েছেন। এসময় আরও দু’জন আহত হয়। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
 
ইত্তেফাক/এমআই