সিরাজগঞ্জের তাড়াশে ডাকাতির প্রস্তুতিকালে ২টি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে র্যাব-১২ ’র একটি দল গ্রেফতার করেছেন। তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার নজিবুল ইসলাম জানান, র্যাব -১২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তাা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান সুট্যারগান, দু’টি ধারালো ছোড়া, ৫টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে- তাড়াশ উপজেলার গাবগাড়ী গ্রামের দানেশ ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), সিংড়া উপজেলার বামিহাল গ্রামের আজিজল সরকারের ছেলে ইসমাইল হোসেন (৪০), নন্দীগ্রাম উপজেলার বিঞ্চুপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে হাসান (৩৮), সলঙ্গা থানার রয়হাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা (৪২) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে নজরুল ইসলাম (৪০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলার বিষয়টি তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
