উখিয়ায় স্কুলছাত্রী অপহরণকারীকে গ্রামবাসী আটক করে উখিয়া থানা পুলিশে সোপর্দ করেছেন। আজ শনিবার বিজয় দিবস পালনের উদ্দেশ্যে স্কুলে আসারপথে কক্সবাজার সদর পিএমখালী এলাকার মোক্তার মিয়ার ছেলে আব্দুল গণিসহ (১৮) অপর সহযোগিরা তাকে অটোরিকশা যোগে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসী মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে সোনারপাড়া রেসিডিয়েন্ট হ্যাচারি এলাকায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রীটিকে উদ্ধার করেন।
ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তাহেরা বেগম (১৩) ছোট ইনানী গ্রামের নুর নবীর মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণকারী ও অপহৃত স্কুল ছাত্রী বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, স্কুল ছাত্রীকে তার বাবা জিম্মায় দেওয়া হবে এবং অপহরণের অভিযোগের ভিত্তিতে আব্দুল করিমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
