হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২৩:১০

স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর হাটহাজারী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে নির্মিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল। ১৬ডিসেম্বর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পানি সম্পদ মন্ত্রী ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই ম্যুরালের উদ্বোধন করেন।

এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মাওলানা নাছির উদ্দিন মুনীর, মনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস.আর আরমান শাকিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার নুরুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী মডেল থানা, হাটহাজারী পৌরসভা, হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী সাংবাদিক সমিতি, হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি।

এদিকে সকাল ৮টায় হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, ভিডিপি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ, সালাম গ্রহণ সহ শরীর চর্চা প্রদর্শন করা হয়। বেলা ১১টায় হাটহাজারী উপজেলা দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহাবুবুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম প্রমুখ।

এছাড়া শিশুদের চিত্রাংকন ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আবৃত্তি, গণসংগীত, দেশাত্ববোধক গান গান, নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

ইত্তেফাক/নূহু