মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের পৌর এলাকার ভিটাসাইর নামকস্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আজ রবিবার ভোরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতের নাম- ইলিয়াস ( ২৪)। তার বাড়ি ভারতের দিল্লীতে। আহতরা হলেন- অপর ভারতীয় নাগরিক আলতাফ হোসেন (৫০), রহমত অালী (৪০) ও মাইক্রোচালক ঢাকার ডেমরার ফয়সাল (৩২)। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশে একটি কারখানায় কাজ করার জন্য এসেছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে কুয়াশার মধ্যে যশোরের বেনাপোলগামী ভারতীয় নাগরিক বহনকারী ওই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের স্পিডব্রেকারে সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইলিয়াস।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবীব ওই দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
