নাসিরনগরে মন্ত্রী ছায়েদুল হকের জানাজা অনুষ্ঠিত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯
 
সদ্য প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের দ্বিতীয় নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
 
জানা যায়, সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারযোগে তাকে নিজ নির্বাচনী এলাকা নাসিরনগরে নেয়া হয়। এরপর সেখানে ওই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে আইনমন্ত্রী আনিসুল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
আরও জানা গেছে, মন্ত্রী ছায়েদুল হকের মরদেহ তার গ্রামের বাড়ি পূর্বভাগে নেওয়া হচ্ছে। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ  পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।
 
উল্লেখ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।
 
ইত্তেফাক/জামান