নীলফামারীর সৈয়দপুরে ইসমত আরা (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে উপজেলা শহরের কয়ানিজপাড়ায় নিজ বাসার পেছনে একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শফিকুল ইসলাম (৪৮) ও দেবর শফিয়ার রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, নিহতের স্বামী শফিকুল ইসলাম উপজেলার কামারপুকুর ইউপি'র সাবেক চেয়ারম্যান। তাদের তিন সন্তান রয়েছে। এ অবস্থায় গৃহবধূকে গলাকেটে হত্যার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। গত ২৯ নভেম্বর শহরের জসিম বাজার এলাকায় জোড়া খুনের ঘটনার ১৮ দিনের মাথায় এই ধরণের হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সৈয়দপুর থানা পুলিশ। সেখানে লাশের সুরতহাল করা হয়। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও দেবরকে আটক করে থানায় আনা হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/জামান
