ঢাকার রূপনগর, মিরপুরে এখন আর রাস্তা দিয়ে হাঁটা যায় না। শুধুই ভ্যানগাড়ি রাস্তার দুই পাশ দখল করে নিয়েছে। ভ্যানগাড়িতে নানা ধরনের পণ্যসামগ্রী নিয়ে রাস্তার দুই পাশে হাটবাজার বসিয়ে দেওয়া হয়েছে। রাস্তা করে তুলেছে অপরিষ্কার-অপরিচ্ছন্ন। নোংরা আবর্জনা ফেলে ফেলে ভ্যানের হকার ও ফুটপাত দখলকারীরা রাস্তা নষ্ট করে ফেলেছে। পরিবেশকে করে তুলেছে দূষিত। ওদের কারণে মশা বেড়েই চলেছে। যে জন্য দিনে রাতে রূপনগর ও মিরপুরে মশার কামড় খেয়ে খেয়ে এলাকাবাসী আজ অস্থির। আর ফুটপাত তো হকাররা দখল করে নিয়েছে—সে তো বহু বছর ধরে। ঢাকার রূপনগর ও মিরপুরের নাগরিকরা কিংবা এ পথে যাঁরা চলাচল করেন—এবার তাঁদের যাতায়াত ও যানবাহন চলাচলের অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নজর দিন।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
