নানা আয়োজনে রাঙ্গামাটিতে আজ ১৭ ডিসেম্বর পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। রাঙ্গামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এম এ আলী স্মৃতিস্তম্ভ চত্ত্বরে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়।
তৎকালীন শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর দুই বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লে. কর্নেল (অব.) মনিষ দেওয়ান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন। এসময় '৭১ সালে রাঙ্গামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাসহ রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি মুক্ত দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর আত্মসর্মপনের দিনে পাক হানাদার বাহিনী সরে গেলেও তাদের মিত্রবাহিনী হিসেবে লুসাই ও মিজো সৈন্যরা রাঙ্গামাটিতে অবস্থান নেয়। পাক হানাদার বাহিনীর সহযোগী উপজাতি মিজো বাহিনীর কিছু সৈন্য থেকে যাওয়ায় রাঙ্গামাটি মুক্ত হতে ১দিন সময় নেয়।মুক্তিযোদ্ধারা মিজোদের হটিয়ে একদিন পর ১৭ ডিসেম্বর রাঙ্গামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
ইত্তেফাক/জামান
