রাহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ১৯ কূটনীতিক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২২:২৭
 
কক্সবাজারের উখিয়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১৫টি দেশের রাষ্ট্রদূত এবং চারটি দেশের কূটনীতিক প্রতিনিধি দল। 
 
কক্সবাজার সফররত প্রতিনিধি দলটি ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর নেতৃত্বে রবিবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে রাখাইনে বলপ্রয়োগের মাধ্যমে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিকদের কক্সবাজারে অবস্থানের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসক আলী হোসেন। 
 
এ সময় জেলা প্রশাসক কক্সবাজারের উখিয়া, বালুখালী ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, সেনিটেশন সুবিধাসহ তাদের চিহ্নিতকরণে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কার্যক্রম তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত এবং কূটনীতিক প্রতিনিধিরা সরকারের নেয়া কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। 
 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা ও কেনিয়ার রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা উপস্থিত ছিলেন। 
 
পরে দুপুর দেড়টায় উখিয়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে বেশ কয়েকজন নির্যাতিত রোহিঙ্গার সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত এবং কূটনীতিক প্রতিনিধিরা।
 
ইত্তেফাক/ইউবি