স্বরূপকাঠিতে খাদ্য গুদামে জেটি না থাকায় চরম দুর্ভোগে শ্রমিকরা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০১:০১

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দুরহাট খাদ্য গুদামে জেটি না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্রমিকরা। এখানে এক হাজার ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি সরকারি খাদ্য গুদামে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল গুদামজাত ও খালাস করছে শ্রমিকরা। পন্টুন ও জেটি না থাকায় কাঠের তক্তা ফেলে মালামাল খালাসের কাজ চলছে। শ্রমিকরা তক্তার উপর  দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মালামাল লোড ও আনলোড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শ্রমিক সর্দার আনোয়ার হোসেন জানান, বিভিন্ন সময়ে মালামাল পরিবহণ করতে গিয়ে চান মিয়া, মামুন, রুহুল, লিটন, মজনুসহ অনেক শ্রমিক আহত হয়েছে। স্বরূপকাঠি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে সরকারি প্রকল্পের খাদ্যসহ আপদকালীন খাদ্য মজুদ থাকে ওই খাদ্য গুদামে। খাদ্য গুদাম তিনটির ধারণ ক্ষমতা এক হাজার ৫০০ মেট্রিক টন। এখান থেকে বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য সরবরাহ করা হয়। কিন্তু খাদ্য গুদামে পন্টুন ও জেটি না থাকায় শুধু তক্তার উপর দিয়ে হাজার হাজার মেট্রিক টন খাদ্য আনা-নেয়ার কাজ করতে বাধ্য হচ্ছে শ্রমিকরা। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন যাবত্ মালামাল উঠা-নামার কাজ করে আসছে। এ ব্যাপারে ইন্দুরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন বলেন, এখানে পন্টুন ও জেটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট  লিখিত আবেদন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু