মুলাদীতে কালভার্ট ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০১:০৯

মুলাদীতে গাছুয়া ইউনিয়নে কালভার্ট ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিপাকে পড়েছে বিদ্যালয়গামী ক্ষুদে শিক্ষার্থীরা। ইউনিয়নের চরগাছুয়া পদ্মারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় ক্ষুদে শিক্ষার্থীসহ স্থানীয়রা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা।

জানা গেছে, প্রায় ৬ মাস আগে চরগাছুয়া পদ্মারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টটি ভেঙে যায়। ভাঙার পর থেকে কালভার্টটি নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হযনি। ভাঙা কালভার্টের ওপর দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয়রা চলাচল করছে। ওই সাঁকো দিয়েই কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।

চরগাছুয়া পদ্মারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম জানান, কালভার্টটি ভেঙে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে আসছে। বিশেষ করে শিশু শ্রেণির শিক্ষার্থীদের অনেক কষ্ট করে বিদ্যালয়ে আসতে হচ্ছে। দ্রুত এ কালভার্টটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।

ইত্তেফাক/নূহু