দক্ষিণের আট রুটে আজ থেকে বাস চলা বন্ধের ঘোষণা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৮
ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ডাকে আজ সোমবার হতে ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলের ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৪ ডিসেম্বর মালিক সমিতি ঝালকাঠিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে।
 
ঝালকাঠি মালিক পক্ষের দাবি, তাদের জেলার সড়ক ব্যবহার করে দক্ষিণাঞ্চলের এসব রুটে গাড়ি চলাচল করলেও ঝালকাঠি-বরিশাল ছাড়া কোন রুটে ঝালকাঠি মালিক সমিতির গাড়ি চলতে দেওয়া হয় না। তাই এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোন গাড়ি চলতে চাইলে বাধা দেওয়া হবে বলে ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন জানিয়েছে।
 
রুটগুলো হচ্ছে বরিশাল-বাখেরগঞ্জ, বরিশাল-নিয়ামতি, বরিশাল-কাঠালতলী, বরিশাল-পটুয়াখালি, বরিশাল-বাউফল, বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-বরগুনা।
 
এ প্রসঙ্গে ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান বলেন, আমরা দীর্ঘদিন ধরে বরিশাল মালিক সমিতি ও বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কাছে দেনদরবার করে এ দাবি পূরণের অনুরোধ জানিয়ে আসছি। সর্বশেষ ৪ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের সাথে দেখা করে ১৮ ডিসেম্বরের মধ্যে এ দাবি বাস্তবায়নে পুনরায় অনুরোধ জানিয়ে ছিলাম আমরা।
 
তাই ১৮ ডিসেম্বর ১২টার পর ঝালকাঠি জেলার সাথে পশ্চিমাঞ্চলের সকল গাড়ির রুট চালু রাখলেও দক্ষিণাঞ্চলের কোন রুটে ঝালকাঠি মালিক সমিতির গাড়ি চলবে না এবং অপর কোন মালিক সমিতির গাড়িও চলতে দেওয়া হবে না।
 
ইত্তেফাক/এমআর