স্পোর্টস রিপোর্টার দুয়ারে স্বপ্নের বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ দল। আর ২০ দিন পরই বিশ্বকাপ, ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছাড়বে টাইগাররা। অথচ এখন চোটাঘাতে জর্জর বাংলাদেশ শিবির। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডের অন্তত নয় ক্রিকেটার কম বেশি চোটে ভুগছেন। যা নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। সর্বশেষ চোটের মিছিলে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। পেস আক্রমণের অন্যতম ভরসা এই বাঁহাতি পেসার গত বুধবার বিসিবি একাডেমি মাঠে ওয়ার্মআপের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। চিড় না ধরলেও লিগামেন্টে ব্যথা রয়েছে। দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। চোটের তালিকায় থাকায় অন্য ক্রিকেটারদের কেউ কেউ ফিট হয়ে উঠছেন। কেউবা রিহ্যাব প্রক্রিয়ায় আছেন। তবে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দলের সিংহভাগ ক্রিকেটারদের চোটের ফিরিস্তি নিশ্চিতভাবেই চিন্তার কারণ।
মাহমুদউল্লাহ রিয়াদ
নিউজিল্যান্ড থেকে কাঁধের ব্যথা বয়ে এনেছেন মাহমুদউল্লাহ। গ্রেড-৩ টিয়ার হলেও ব্যাটিং করতে পারছেন তিনি। তবে বোলিং, ফিল্ডিং করতে আরো সময় লাগবে তার। শেষ পর্যন্ত দূর থেকে থ্রো করায় কিছুটা সমস্যা তার থাকবেই।
বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘রিয়াদ ওর রিহ্যাব প্রোগ্রামের মধ্যেই আছে। আপাতত ও ব্যাটিং প্র্যাকটিস করছে এবং সব ধরনের শটও খেলতে পারছে। কোনো অভিযোগ ওর নেই এ ব্যাপারে। আমরা আস্তে আস্তে ওর বোলিং এবং ফিল্ডিং ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। এখন পর্যন্ত ওর অগ্রগতি সন্তোষজনক।’
মুশফিকুর রহিম
এশিয়া কাপের পর নিউজিল্যান্ডেও মুশফিকের পাঁজরের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠেছিল। প্রিমিয়ার লিগ না খেলে বিশ্রামে থাকা এই উইকেটকিপার ব্যাটসম্যান গত সপ্তাহেও অনুভব করেছেন পাঁজরের ব্যথা। তখনই স্ক্যান করা হয়। যদিও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি।
গতকাল মুশফিকের সর্বশেষ অবস্থা সম্পর্কে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মুশফিকের কিছুটা রিব ট্রমার ব্যথা ছিল। তাই আমরা ওকে এমআরআই স্ক্যান করাই। স্ক্যানে ওর হাড়ে কোনো সমস্যা ধরা পড়েনি। রিপোর্টটা স্বাভাবিক এসেছে। আশা করছি ওর খেলতে কোনো সমস্যা হবে না।’
রুবেল হোসেন
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন রুবেল। বেশ কিছুদিন বিশ্রামের পর এখন রিহ্যাব চলছে ডানহাতি এই পেসারের।
গতকাল দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘রুবেলের রিহ্যাব এই সপ্তাহে শেষ হতে যাচ্ছে। শনিবার থেকে ওর বোলিং প্র্যাকটিস শুরু হবে। আশা করছি পর্যাপ্ত পুনর্বাসন এবং বিশ্রাম পেয়েছে ও।’
মোহাম্মদ সাইফউদ্দিন
নিউজিল্যান্ড সফর থেকেই টেনিস এলবোর চোট নিয়ে গত দুইমাস ধরেই খেলছেন সাইফউদ্দিন। ব্যাটিং, বোলিং করলেও দূর থেকে থ্রো করতে পারছেন না সাইফউদ্দিন। এই সমস্যা দূর করতে ইনজেকশন দিতে হবে। বিশ্বকাপ খুব সন্নিকটে বলে ইনজেকশন এখন আর দেয়া হবে না।
দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘সাইফউদ্দিন এখন এই মুহূর্তে খেলার মধ্যেই আছে। এই মুহূর্তে আমরা ইনজেকশনের চিন্তা করছি না। কারণ ইনজেকশন দিলে একটা লম্বা সময় বিশ্রামের ব্যাপার থাকে।’
মেহেদী হাসান মিরাজ
গত ৮ এপ্রিল মিরপুরেই ফিল্ডিংয়ের সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পান মেহেদী হাসান মিরাজ। এই চোট খুব বড় না হলেও এখন জ্বরের কারণে বিশ্রামে আছেন তিনি।
এছাড়া বিশ্বকাপের দলে বিবেচনায় থাকা তাসকিন আহমেদ বিপিএলে পাওয়া চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। একটি ম্যাচ খেললেও এখনো ফিট হতে পারেননি তিনি। কয়েকদিন হলো হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছেন মোহাম্মদ মিঠুন।
একই চোট কম বেশি ভোগাচ্ছে ওয়ানডে মাশরাফি বিন মুর্তজাকেও।
