গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিন ছিল। আর শেষ দিনে এসে বিকেএসপিকে হারিয়ে এবারের লিগের শেষ দল হিসেবে সুপার লিগে জায়গা করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের হিসাবের মুখে ফেলার সম্ভাবনা ছিল গাজী গ্রুপের। কিন্তু তারা নিজেরা প্রাইম ব্যাংকের বিপক্ষে হেরে পয়েন্টেই পিছিয়ে পড়েছে। আর মোহামেডানের জয়ের সাথে সাথে স্বপ্ন শেষ হয়ে গেছে শাইনপুকুরের।
অন্য দিকে নিজেদের শেষ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে হেরেছে খেলাঘর। তারপরও রেলিগেশন লিগ এড়াতে পেরেছে তারা। খেলাঘর ও ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট লিগ শেষে সমান ৬ করে। দু’দলের মুখোমুখি লড়াইয়ে জিতেছিল খেলাঘর। তাই ব্রাদার্স ইউনিয়নকে খেলতে হবে রেলিগেশন লিগ। ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই লিগে তাদের সঙ্গী ৫ পয়েন্টের মালিক বিকেএসপি ও ৪ পয়েন্টের মালিক উত্তরা স্পোর্টিং।
আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে সুপার লিগ। গতকালকের আগ পর্যন্ত সুপার লিগে ৫টি দল নিশ্চিত ছিল। দলগুলো হলো—লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বিকেএসপিকে ১ উইকেটের সামান্য ব্যবধানে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে সুপার লিগে গেছে মোহামেডান। গতকালকের আগ পর্যন্ত মোহামেডানের সমান পয়েন্ট ছিল গাজী গ্রুপের। কিন্তু শেষ রাউন্ডে প্রাইম ব্যাংকের কাছে ৩৪ রানে হেরে গেছে তারা। দিনের অন্য ম্যাচে খেলাঘরকে ১৫ রানে হারিয়েছে শাইনপুকুর।
বিকেএসপির বিপক্ষে শেষ ২ ওভারে ১৫ রান দরকার ছিল মোহামেডানের; হাতে ২ উইকেট। ৪৯তম ওভারে ৬ রান এলেও হারায় তারা আরেক উইকেট। শেষ ওভারের নাটকীয়তা জয় করে কাজী অনিক ও সাকলায়েন সজীব দুটি চার মেরে জয় এনে দেন মোহামেডানকে।
এর আগে আমিনুলের ৬০ রানে ভর করে ২৪৯ রান তুলেছিল বিকেএসপি। জবাবে ৩ উইকেটে ১৭২ রান তুলে ফেলার পরও বিপদে পড়ে মোহামেডান।
বিকেএসপিতে আগে ব্যাট করা প্রাইম ব্যাংক ২০১ রান তুলতে পেরেছিল। জবাবে গাজী গ্রুপ মাত্র ১৬৭ রানে অলআউট হয়। ব্যাটে ৩৪ রান করে এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাঈম হাসান।
মোহামেডান ও গাজী গ্রুপ, দুই দলই হারলে আশা ছিল শাইনপুকুরের। সেটা হয়নি। তবে নিজেদের ম্যাচে জয় পেয়েছে তারা। আগে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয় খেলাঘর। জবাবে শাইনপুকুর ৬ উইকেটে ১৬৫ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টি আইনে জয় পায় তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বিকেএসপি-মোহামেডান:
বিকেএসপি: ৫০ ওভারে ২৪৯/৭ (আমিনুল ৬০, শামীম ৪৯, আকবর ৩৮, ইমন ৩৮; রাহাতুল ৩/৩৭, ভাটিয়া ২/৪৮)।
মোহামেডান:৪৯.৫ ওভারে ২৫২/৯ (অভিষেক ৬৫, লিটন ৫৩, ইরফান ৪১, রকিবুল ৩৫; মুরাদ ৪/৩০, নউশাদ ২/৪১, তানজিম ২/৪৭)।
ফল: মোহামেডান ১ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক মিত্র
প্রাইম ব্যাংক—গাজী গ্রুপ
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২০১/৯ (নাঈম হাসান ৩৪, আরিফুল ৩৪, মনির ২৫, সুদীপ ২১; সঞ্জিত ৩/৩০, নাসুম ২/৩২, কামরান ২/৪২)।
গাজী গ্রুপ: ৪৫.২ ওভারে ১৬৭/১০ (মাইশিকুর ৭৪, সামসুর ২৭; অলক ২/১৩, নাঈম হাসান ২/৩৯)।
ফল: প্রাইম ব্যাংক ৩৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম হাসান
খেলাঘর-শাইনপুকুর
খেলাঘর: ৪৮.২ ওভারে ১৯০/১০ (মাসুম ৪০, অমিত ৩৭, শাহরিয়ার ২২, রবিউল ২২; দেলোয়ার ৩/২৭, হামিদুল ২/২৩, আফিফ ২/২৮)।
শাইনপুকুর: ৪১ ওভারে ১৬৫/৬ (সাদমান ৬৪, উন্মুক্ত ৩৪, ধীমান ৩১; রবি ২/২৬, মইনুল ২/৩১)।
ফল: শাইনপুকুর ১৫ রানে জয়ী (ডিএল পদ্ধতি)
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম।
ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৮
পয়েন্ট টেবিল
প্রথম পর্ব
দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট
রূপগঞ্জ ১১ ১০ ১ ২০
আবাহনী ১১ ৮ ৩ ১৬
প্রাইম ব্যাংক ১১ ৮ ৩ ১৬
প্রাইম দোলেশ্বর ১১ ৭ ৪ ১৪
মোহামেডান ১১ ৬ ৫ ১২
শেখ জামাল ১১ ৬ ৫ ১২
শাইনপুকুর ১১ ৫ ৫ ১১
গাজী গ্রুপ ১১ ৫ ৬ ১০
খেলাঘর ১১ ৩ ৮ ৬
ব্রাদার্স ইউনিয়ন ১১ ৩ ৮ ৬
বিকেএসপি ১১ ২ ৮ ৫
উত্তরা ১১ ২ ৯ ৪
* প্রথম ৬ দল সুপার লিগে
** শেষ তিন দল রেলিগেশন লিগে
