চট্টগ্রামে পদদলন: যেভাবে ঘটনার সূত্রপাত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:২৫
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খাওয়ানোর অনুষ্ঠানে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। কুলখানির জন্য সোমবার তার পরিবারের পক্ষ থেকে নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়েছিল। অমুসলিম এবং যারা গোমাংস খান না, তাদের জন্য মেজবানের ব্যবস্থা হয়েছিল রীমা নামে একটি কমিউনিটি সেন্টারে।
 
স্থানীয়রা জানান, দুই তলা ওই কমিউনিটি সেন্টার ভবনের নিচতলা ছিল গাড়ি রাখার স্থান। দোতলায় বসা ও খাওয়ার ব্যবস্থা। অন্যদিকে আসকার দীঘির পাড় অনেকটা নিচু এলাকা। ওই এলাকার অধিকাংশ ভবনের মত রীমা কমিউনিটি সেন্টারের প্রবেশ পথও ঢালু। আর এই ঢালু জায়গাতেই ভিড়ের মধ্যে পদদলনের ঘটনা ঘটে।  
 
স্বেচ্ছাসেবকরা জানান, গেটের বাইরে মানুষের ভিড় ছিল। হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে চাপাচাপিতে সামনে ওই ঢালু জায়গায় বেশ কয়েকজন পড়ে যান। তখন তাদের ওপর দিয়েই পেছনের লোকজন হুড়মুড় করে ভেতরে ঢোকার চেষ্টা করে। 
 
চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অনেকে পড়ে গেলে, মানুষের ভিড়ের কারণে পদদলিত হয়েছেন অনেকে।
 
তিনি আরও বলেন, এটা মারামারি বা গ্রুপিং বা অন্য কোনো বিষয় না। নিরাপত্তার অভাব হয়নি, অতিরিক্ত মানুষের কারণে এবং ঢোকার সময় হুড়োহুড়ির কারণে অনেকে পড়ে গিয়ে পদদলিত হয়েছেন।
 
ইত্তেফাক/এমআই