'রাজনীতির' পরিচালক ও প্রযোজককে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১
 
অটোরিকশা চালক ইজাজুল মিয়ার মামলায় নোটিশের জবাব দিতে হবিগঞ্জে এসেছেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ। রবিবার রাতে তারা ডিবি পুলিশের কার্যালয়ে হাজির হন। এসময় তাদেরকে মামলার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তারাও মামলার বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন। 
 
বিষয়টির সত্যতা সম্পর্কেও নিজেদের বক্তব্যে তারা স্বীকার করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে মামলার প্রতিবেদন দিতে সোমবার মামলার নির্ধারিত তারিখে আদালতে আরও সময় প্রার্থনা করেছেন তদন্তকারী কর্মকর্তা। আগামী ৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
 
এ বিষয়ে জানতে চাইলে ডিবির এসআই ইকবাল বাহার জানান, তারা এসেছিলেন। কথা হয়েছে। এটি কোর্ট দরখাস্ত মামলা। তাদেরকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন বাকি তদন্ত শেষে আদালতে রিপোর্ট দেওয়া হবে। মামলাটির তদন্তভার প্রথমে তার কাছে ছিল। বর্তমানে মামলাটির তদন্ত করছেন ডিবির ওসি মো. শাহ আলম। তিনি জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত এখনও পুরো শেষ হয়নি। তদন্ত পুরো শেষ হলে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
 
মামলার বাদী ইজাজুল মিয়া জানান, সোমবার মামলার নির্ধারিত তারিখ ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দেওয়ার জন্য আদালতে সময় প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক আগামী ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
 
জানা যায়, রাজনীতি সিনেমায় নায়িকা অপু বিশ্বাস একটি ডায়লগ দেন ‘এভাবে বার বার আর কোনো দিন চলে যেত দেব না আমার স্বপ্নের রাজকুমার, জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন ‘আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজ কুমারী’, নায়িকা অপু বিশ্বাসের ডায়লগ ‘আমার ফেসবুক আইডি 'রাজকুমারী' তুমি তা জানলে কী করে, জবাবে শাকিব খান ডায়লগ দেন ‘যেভাবে তুমি জানলে আমার মোবাইল নাম্বার ০১৭১৫-২৯৫২২৬’। 
 
প্রকৃতপক্ষে নাম্বারটি চিত্র নায়ক শাকিব খানের নয়। সেই মোবাইল নাম্বারের মালিক হবিগঞ্জর বানিয়াচং উপজলার যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে অটোরিকশাচালক ইজাজুল মিয়া। সিনেমাটি মুক্তি পাওয়ার পর শাকিব খানের মোবাইল নাম্বার মনে করে অসংখ্য নারী-পুরুষ ইজাজুলকে ফোন করতে থাকেন। দিন নেই, রাত নেই, দেশ-বিদেশ থেকে আসা শাকিব ভক্তদের ফোনে অতিষ্ট হয়ে উঠেন তিনি। 
 
এদিকে স্বামী নিজেকে নায়ক শাকিব খান পরিচয় দিয়ে পর নারীদের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন সন্দেহে স্ত্রী মিশু আক্তার বাপের বাড়িতে চলে যান ১৬ মাস বয়সী একমাত্র শিশু কন্যা ইমুকে নিয়ে। কোনভাবেই তাকে বুঝাতে পারেননি ইজাজুল। পরে সিনেমা দেখে মিশুর ভুল আংশিক ভাঙ্গলে এখনও ফিরেননি তিনি।
 
অপরদিকে দিনে প্রায় ৭/৮শ’ ফোন আসার কারণে ইজাজুলের মোবাইল ব্যস্ত থাকে সারাদিন। ফলে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী বাদল মিয়া তার সিএনজি অটোরিকশা চালকের চাকুরি থেকে বাদ দেন। সবকিছু হারিয়ে শাকিব ভক্তদের মোবাইল ফোনে অতিষ্ট হয়ে অবশেষে ইজাজুল গত ২৮ অক্টোবর বানিয়াচং থানায় রাজনীতি সিনেমার প্রযোজক আশফাক আহমেদ, পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২৯ অক্টোবর আদালতে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলাও দায়ের করেন। উক্ত মামলায় নোটিশের জবাব দিতে পরিচালক ও প্রযোজক হবিগঞ্জে আসেন।
 
ইত্তেফাক/আরকেজি