অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড দিয়েগো কস্তা গেল সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে লা লিগা ম্যাচে নিযুক্ত রেফারির সঙ্গে দুর্ব্যবহারের কারণে সেদিন তো সরাসরি লাল কার্ড দেখেছিলেন। এবার সেই ঘটনার জেরেই আট ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। গেল শনিবার বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি জেসাস গিল মানজানোর একটি সিদ্ধান্ত মনোপুত না হলে তাকে অপমান করেন তিনি। ম্যাচ শেষে জানা যায়- রেফারির পরিবার সম্পর্কে অশ্রাব্য ভাষায় ব্যবহার করেছিলেন তিনি। তার এই আট ম্যাচের নিষেধাজ্ঞার পুরোটা অবশ্য সে কারণে আসেনি। দুটো চার ম্যাচ নিষেধাজ্ঞার প্রথমটি পেয়েছেন রেফারিকে অপমান করার কারণে, দ্বিতীয় নিষেধাজ্ঞাটি পেয়েছেন সতীর্থ দিয়েগো গোদিন ও হোসে হিমেনেজকে হলুদ কার্ড দেখাতে উদ্ধত রেফারিকে বাধা প্রদানের কারণে। এর কারণে ৬০১০ ইউরো জরিমানার আদেশও জারি হয়েছে তার উপর।
