হত্যা মামলা: শ্রীমঙ্গলে দুই আসামি গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৭
 
সেনা বাহিনীর সার্জেন্ট সাজিদুর রহমান (অব) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে সোমবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।
 
র‌্যাব জানায়, রবিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২ অভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার বৌলাসীর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজিদুর হত্যা মামলার প্রধান দুই আসামি ফাকু মিয়া ও আইয়ুব আলীকে গ্রেফতার করে। তাদের বাড়ি যথাক্রমে হবিগঞ্জের বাহুবল উপজেলার দেবীপুর ও মহিষদোলন হাংসাং পাঁচটিলা গ্রামে। তাদের বাহুবল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
 
পূর্ব শত্রুতার জের ধরে হবিগঞ্জের বাহুবলে গত ৫ অক্টোবর সেনা বাহিনীর সার্জেন্ট সাজিদুর রহমানকে (অব) প্রকাশ্যে হত্যা করা হয়। হত্যাকারীরা সাজিদুর রহমানের ডান পা হাঁটু থেকে কেটে নিয়ে উল্লাস করেন। গ্রেফতার এড়ানোর জন্য আসামিরা আত্মগোপন করে শ্রীমঙ্গলে অবস্থান করছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি