প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ পেলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীরঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার উত্তরপাড়ায় সরকারি খাস জায়গার উপর নির্মিত হয় চার রুম (বিদ্যুৎসহ দুইটি বেড রুম, একটি ডাইনিং ও একটি কিচেন) বিশিষ্ট এই নিবাস। এছাড়া এই নিবাসে আলাদা একটি ল্যাট্রিন, গরু ও মুরগি রাখার জন্য আলাদা ঘরও নির্মাণ করা হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এই নিবাস বীরঙ্গনা ফুলমতিকে দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়া খান বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, উপজেলা প্রকৌশলী মাজহারুল ইসলাম প্রমুখ।
ঘর পেয়ে খুশি রাজকুমারী রবিদাস ফুলমতি বলেন, দেশ স্বাধীনের ৪৬ বছর পর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছি। আর এখন পেলাম ঘর। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ইত্তেফাক/আরকেজি
