স্পোর্টস রিপোর্টার
বাইরের দেশগুলোর জন্য উপমহাদেশ সফর সবসময়ই কঠিন। ভারত সফরে দুই টেস্ট হেরে বাংলাদেশে এসেছিল ওয়েস্টইন্ডিজ। বাংলাদেশ সফরেও ক্যারিবিয়ানদের শুরুটা হলো খুবই বাজে। বাংলাদেশের স্পিনারদের কাছে রীতিমতো আত্মসমর্পণ করেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। তিন দিনেই চট্টগ্রাম টেস্টে গতকাল ৬৪ রানে হেরে গেছে ক্যারিবিয়ানরা। সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে তারা।
চট্টগ্রামে বাংলাদেশের চার স্পিনারই ওয়েস্টইন্ডিজের ২০ উইকেট তুলে নিয়েছেন। দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি। প্রথম ইনিংসে ৮৮ রানে ৫ উইকেট হারানোর পরও হেটমায়ার-ডাওরিচের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৪৬ রান করেছিল সফরকারীরা। গতকাল ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের আগে জয়ের জন্য ২০৪ রানের টার্গেটে খেলতে নামে ক্রেইগ ব্রেথওয়েটের দল। ১১ রানে ৪ উইকেট হারিয়ে ভয়াবহ বিপর্যয়ে পড়া উইন্ডিজদের একশ রানের কমে অলআউটের লজ্জায় পড়তে হয়নি নবম উইকেটে এমব্রিস-ওয়ারিকনের ৬৩ রানের জুটিতে। তবে শেষ রক্ষা হয়নি। তাইজুলের ঘূর্ণিতে ১৩৯ রানে গুটিয়ে যায় ওয়েস্টইন্ডিজ।
গতকাল ম্যাচ শেষে ক্যারিবিয়ান অধিনায়ক ব্রেথওয়েট বলেছেন, বাংলাদেশের স্পিন ভয় ছড়ায়নি তাদের দলে। বড় জুটি গড়তে না পারাই হারের মূল কারণ। মিরপুরে আগামী ৩০ নভেম্বর শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় দলটি। ব্রেথওয়েট বলছেন, সিরিজে ফিরতে হলে ব্যাট হাতে জ্বলে উঠতেই হবে ব্যাটসম্যানদের। গত জুলাইয়ে ঘরের মাঠে সাদা পোশাকে বাংলাদেশকে বিধ্বস্ত করেছিল ওয়েস্টইন্ডিজ। চট্টগ্রামে প্রায় একই অভিজ্ঞতার মুখে পড়েছে সফরকারীরা। ব্রেথওয়েট বলছেন, সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারেনি দলটি। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। গতকাল বলেছেন, ‘আমরা নিজেরা যতটুকু খেলতে পারি বা পারা উচিত ছিল, সেটুকু খেলতে পারিনি। আমরা ভালো জুটি গড়তে পারিনি। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। উইকেটে অনেক কিছু হচ্ছিল।’ রান তাড়া করতে নামার সময় ব্যাটিংয়ের পরিকল্পনা জানতে চাইলে ব্রেথওয়েট বলেছেন, ‘মূল হলো জুটি গড়া, সেটা টপ বা মিডল অর্ডারে। আমরা শুরুতে জুটি গড়তে পারিনি, তাই এটার মূল দিতে হয়েছে আমাদের।’
মিরপুরে দল হিসেবে ঘুরে দাঁড়ানোর আশা করছে উইন্ডিজরা। তবে সেখানে পূর্বশর্ত ব্যাটসম্যানদের ভালো শুরু করতে হবে, বড় স্কোর গড়তে হবে। ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, ‘ব্যাটসম্যানদের ভালো শুরু করতে হবে। আমাদেরকে বড় স্কোর গড়তে হবে। আমি মনে করি তারা (বাংলাদেশ) প্রথম ইনিংসে ৪০ রান বেশি করেছে। যদি আমরা তাদের প্রথম ইনিংসটা আরো কমে আটকে রাখতে পারতাম, তাহলে ভালো কিছু হতে পারতো।’
চট্টগ্রামে ম্যাচের বয়স যত বেড়েছে, উইকেট ততই স্পিন স্বর্গ হয়েছে। ব্যাটিং করা কঠিন ছিল জানিয়ে ব্রেথওয়েট বলেন, ‘ম্যাচ যত গড়িয়েছে উইকেট তত বাজে হয়েছে। বল যখন নরম হয়ে পড়েছিল তখন কিছু সহজ ছিল ব্যাটিং করা।’
এমন উইকেটেও দুই ইনিংসেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শিমরন হেটমায়ার। প্রথম ইনিংসে ৪৭ বলে ৬৩, দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ২৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্রেথওয়েট বলছেন, এটাই তার ব্যাটিংয়ের ধরন। ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, ‘সে (হেটমায়ার) এভাবেই ব্যাটিং করে। সে একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান। কিন্তু আপনার ভালো রক্ষণও থাকতে হবে। অবশ্য সে আক্রমণটা ভালো করে। প্রত্যেকটা ব্যাটসম্যানের নির্দিষ্ট গেম প্ল্যান থাকে। তাই এটাই তার খেলা এবং সে ভালো করেছে।’
