নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে বহুরূপী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- কামরুল ইসলাম ওরফে রুবেল (২২), রুবেল হাওলাদার (২২), আল-আমিন (২০) ও মোতালেব হোসেন (৪৮)।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১ এর ব্যাটেলিয়ন সদর দফতর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল কামরুল হাসান এই তথ্য জানান।
র্যাব এ সময় ইংরেজিতে লেখা ৯৭টি জঙ্গিবাদী ভুয়া লিফলেট, নকল ইয়াবা তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত ৩ হাজার ৩শ’ ৫০ পিছ জিনেক ট্যাবলেট, বেশ কিছু নকল ইয়াবা ও নকল ফেনসিডিল ও নকল ইয়াবা ও ফেনডিসিল তৈরির সরঞ্জাম উদ্ধার করে। রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ফতুল্লার শিবু মার্কেট ও টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান জানান, গত শুক্রবার এক যুবক র্যাবের কাছে তথ্য দেয় যে, ফতুল্লার কোতালের বাগ কবরস্থান মসজিদে কিছু লোক গোপন বৈঠক করছে এবং তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এমনকি তারা জঙ্গি সংক্রান্ত উগ্রবাদী লিফলেট মানুষের মাঝে প্রচার চালাচ্ছে। র্যাবের বিষয়টি সন্দেহ হলে মসজিদে ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণাদি না পেয়ে বিষয়টি সন্দেহ হলে র্যাব লিফলেটের উৎস খোঁজতে থাকে। পরে ভূয়া তথ্যদাতা কামরুল ইসলামকে রবিবার রাতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা শিবু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। পরে একই রাতে টাইগারপাড় এলাকা থেকে কামরুল ইসলামের সহযোগিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক কামরুল ইসলাম ওরফে রুবেল নিজেই জঙ্গি সংক্রান্ত লিফলেট তৈরি এবং নকল ইয়াবা ও ফেনসিডিল তৈরি করে আসছিল। পরে তার বাসায় তল্লাশি করে বিপুল পরিমান ভূয়া জঙ্গিবাদী লিফলেট এবং নকল ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করে।
ইত্তেফাক/কেকে
