সাজাভোগ শেষে ৬ বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২০:৩২
 
সাজাভোগ শেষে ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। সোমবার বেলা ১১টায় মিয়ানমারের মংড ১ নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্টে বিজিবি ও মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠকে বাংলাদেশ ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২ বিজিবির কোম্পানি কমান্ডার মো. ইব্রাহীম হোসেন এবং মিয়ানমার ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ অং ক্যা চেইন। 
 
আলোচনা শেষে মিয়ানমার কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে সেন্টমার্টিনের জিনজিরার সায়ের মোহাম্মদের পুত্র হামিদ হোসেন (৩৭), অলিয়াবাদের খুইল্যা মিয়ার পুত্র রশিদ উল্লাহ (৩২), জিনজিরার লাল মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (২২), অছিউর রহমানের পুত্র ফজল আহমদ (৩৫), ইসমাইলের মো. হোসেন (৩৫) ও মৃত আলী চাঁনের পুত্র হাশিমকে (২২) ফেরত দেয়া হয়। 
 
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক, কক্সবাজার জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে এসআই আবুল খায়ের, জেলা ডিএসবি বিশেষ শাখার প্রতিনিধি ডিএসবি ইন্সপেক্টর শফিকুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি