মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। এ কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থী ও দলের কেন্দ্রীয়-স্থানীয় নেতারা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। রংপুর বেগম রোকেয়া কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং লায়ন্স কিন্ডার গার্টেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ কেন্দ্রীয়-স্থানীয় নেতারা।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনার কমিটির প্রধান সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ। রিকশায় চড়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী গণসংযোগ অনেকেরই দৃষ্টি কেড়েছে।
অপরদিকে, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাপা (এ) কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
ইত্তেফাক/ইউবি
