রসিক নির্বাচন: কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিসে গুলি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ০৯:১৫
 
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিস লক্ষ্যে করে দুর্বৃত্তদের করা গুলির ঘটনায় শত শত এলাকাবাসী কোতোয়ালি থানা ঘেরাও করে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ফলে থানা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
সিটি করপোরেশনের গুরাতিপাড়া এলাকায় রাত ৯টার দিকে রসিক নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের নির্বাচনী অফিসে তার কর্মী-সমর্থকরা অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার অফিস লক্ষ্য করে গুলি চালায়। পরে সবাই দ্রুত ওই অফিস থেকে পালিয়ে যায়।
 
এ ব্যাপারে তৌহিদের ভাই হাজী মারুফ অফিযোগ করেন, তাদের প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী বহুলুল ইসলামের ভাই যুবদল নেতা আতিকুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
 
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ জানান, এ ঘটনায় জড়িতদের আটক করা হবে।
 
রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় এলাকাবাসী থানা ঘেরাও করে রেখেছিল। পরে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি