কৃষকের বাড়ি থেকে ধান লুটের অভিযোগে মামলা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১১:১০
 
নওগাঁ সদর উপজেলায় ফিরোজ হোসেন নামে এক কৃষকের বাড়ি থেকে ধান লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ বিষয়ে কোন মামলা নেয়নি সদর থানা পুলিশ। বিষয়টি নিয়ে গতকাল সোমবার ১৬ জনের নাম উল্লেখ করে নওগাঁর ১ নম্বর আমলী আদালতে একটি মামলা করেছেন।
 
মামলার এজহার সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার পীতাম্বর মৌজায় প্রায় ৫ একর (১৫ বিঘা) জমি আব্দুল ওয়াহাব মিয়া দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছে। তার মধ্যে ১২ বিঘা জমি সদর উপজেলার ফিরোজ হোসেনের কাছে বর্গা দেওয়া রয়েছে। চলতি আমন মৌসুমে ১২ বিঘা জমিতে চিনি আতপ ধান লাগিয়েছিলেন ফিরোজ হোসেন। বরাবরের মতো এ বছর খেতের ধান পেকে গেলে তিনি ধান কেটে তার বাড়ির খলিয়ানে তোলে। কিন্তু গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপন ও খোরশেদের নেতৃত্বে  ১৫-১৬ লোক জোর করে তার বাড়ির খলিয়ান থেকে সব ধান লুট করে নিয়ে যায়। এ বিষয়ে ফিরোজ সদর থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। গতকাল সোমবার বিষয়টি নিয়ে স্বপন ও খোরশেদসহ ১৬ জনের বিরুদ্ধে নওগাঁ ১ নম্বর আমলী আদালতে মামলা করেন।
 
এ বিষয়ে জমির মালিক আব্দুল ওয়াহাব বলেন, 'আমার বর্গাদারের বাড়ির খলিয়ান থেকে স্বপন ও খোরশেদের নেতৃত্বে একদল লোক সন্ত্রাসী কায়দায় স্তূপ করা ধান লুট করে নিয়ে যায়। বিষয়টির প্রতিকার চেয়ে থানায় মামলা করতে গেলে বর্গাদার কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে প্রতিকার চাইতে আদালতের দ্বারস্থ হয়েছি।'
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতোয়ার রহমান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। বাদীপক্ষের আইনজীবী জাকারিয়া হোসেন বলেন, 'মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।'
 
ইত্তেফাক/জামান