দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউপির উপর দিয়ে প্রবাহিত ঢেপা নদীর আশ্রম ঘাটে ব্রিজ নির্মিত না হওয়ায় উপজেলার ২০টি গ্রামের মানুষ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতিদিন।
জানা যায়, ৫ বছর আগে ঢেপা নদীর পূর্বপাশে ও নদীর পশ্চিম পার্শে কাহারোল বাজার পর্যন্ত রাস্তা নির্মিত হলেও আজ হয়নি ব্রিজ। ব্রিজ না থাকায় এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্কুলছাত্রী রেবেকা রায় বলেন, 'প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয় এতে করে ভয় লাগে। তাই সহপাঠীদের হাত ধরে বাঁশের সাকো পার হই।' পরমেশ্বরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র প্রথম শ্রেণিতে পড়া তুহিন বলেন, 'একা স্কুলে যাওয়ার সময় দুইদিন সাঁকো থেকে পড়ে যায়। এবং কাপড়, ব্যাগ, জুতা ভিজে যায়। স্কুলে একা যেতে ভয় লাগে।' নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী বলেন, আমি সাঁকো থেকে পড়ে যাই-এতে স্কুলের ব্যাগসহ নষ্ট হয়ে যায় বই খাতা।' এলাকার গোরাঙ্গ চন্দ্র রায় বলেন, 'চেয়ারম্যান মেম্বাররা এবং উপজেলা চেয়ারম্যান সহ অনেক নেতারাই আমাদের অনেক বার আশার বাণী দিয়েছেন কিন্তু বাস্তবে কাজ হয় নাই।'
এই ব্যাপারে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, 'অল্প কিছুদিনের মধ্যেই ব্রিজের কার্যক্রম শুরু হবে।' কাহারোল উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ জানান, আগামী সপ্তাহে ব্রিজের এলাকায় মাটি পরীক্ষা করার জন্য ঢাকা থেকে লোকজন আসবেন।
ইত্তেফাক/জামান
