আধুনিক বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস 'বিষাদ-সিন্ধু'র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৬ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে তার সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে সকালে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুষ্পমাল্য অর্পণ করেছে উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ (অব.) বিনয় চক্রবর্তী, গবেষক ও প্রবন্ধকার এম ইকরামুল হক প্রমুখ। পরে মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের আয়োজনে মীরের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর এখানেই মহান এই মনীষীকে সমাহিত করা হয়।
ইত্তেফাক/জামান
