১৫টি ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে মোট ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ক্লাসের অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তর।
ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ওই সকল বিদ্যালয় ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরাও। তালিকায় থাকা এসব বিদ্যালয়গুলোর অধিকাংশর প্লাস্টার খসে পড়ে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা ঘটছে অনেক আগে থেকেই। জরুরিভিত্তিতে পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, উপজেলার ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পনেরশ বিদ্যালয় প্রকল্পের আওতায় তিনটি বিদ্যালয়সহ মোট ৯৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোর মধ্যে ২৮টি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সকল বিদ্যালয়গুলো ১২ থেকে ১৫ বছর আগে উপজেলা প্রকৌশল বিভাগ থেকে নির্মাণ করা হয়েছিল।
এর মধ্যেই উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সুজনকাঠী, সেরাল, পূর্বসুজনকাঠী আইডিয়াল, পশ্চিম সুজনকাঠী, নাঘিরপাড়, দাসপট্টি , রাংতা, পূর্ব আস্কর, বাগধা হাই সংলগ, পয়সা, পশ্চিম আমবৌলা, ফেনাবাড়ি, চক্রবাড়ি, ও তালতারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৫টি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণসহ মোট ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা ও উপজেলা প্রকৌশল বিভাগ।
এ সকল ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো সংস্কার ও পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন করবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশল ও প্রাথমিক শিক্ষা অফিস।
