প্রয়াত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের দাফন সম্পন্ন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৫
মাসখানেক আগে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুন্দরগঞ্জ উপজেলায়।
 
দুপুর ২টা ৪০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ ঢাকা থেকে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে এসে পৌঁছায়। পরে গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবার পর সুন্দরগঞ্জ উপজেলায় তার নিজ গ্রাম চন্ডীপুরে সড়কপথে এ্যাম্বুলেন্সে করে মরদেহ নেয়া হয়। সেখানে বাদ মাগরীব চন্ডীপুর ফুটবল মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে ফারাজিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
IMG0
গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজায় ইমামতি করেন ঈদগাহ মাঠের পেশ ঈমাম মুফতি মাহমুদুল হাসান। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এমপি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা-২(সদর) আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ ( গোবিন্দগঞ্জ) আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
 
সুন্দরগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৮ নভেম্বর সুন্দরগঞ্জ থেকে মাইক্রোবাসযোগে ঢাকা যাবার পথে টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমপি গোলাম মোস্তফা ও তার গাড়ির চালকসহ চারজন আহত হন। এমপি মোস্তফার মাথার আঘাত গুরুতর বুঝতে পেরে টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে তাকে ওই রাতেই ঢাকায় নিয়ে আসা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রোপচরের পর তার অবস্থার খানিকটা উন্নতিও হয়েছিল। কিন্তু এক মাসের মাথায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল গাইবান্ধা-১ আসনের এই এমপির।  
 
গত বছর ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুন হবার পর ২২ মার্চে এই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোলাম মোস্তফা আহমেদ এমপি নির্বাচিত হন।
IMG1
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও সাদাসিধে আচরণের গোলাম মোস্তফা ১৯৫১ সালের ৩০ জানুয়ারি চন্ডিপুর ফারাজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে পার্শ্ববর্তী সাদুল্লাপুরের নলডাঙ্গা কলেজে ভর্তি হবার পর ছাত্রলীগের রাজনীতিতে নাম লেখান। এরপর যুবলীগ ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ১৯৮৫ সাল থেকে তিনি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে একাধারে দীর্ঘ ৩২ বছর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত ১৯৭৫ সালে চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে বিগত ২০১১ সালের ২৯ জানুয়ারীতে তিনি সহকারী প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন। ২০১১ ও ২০১৬ সালে তিনি চন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার একমাত্র ছেলে মেহেদি মোস্তফা চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। বিবাহিত দুই মেয়ে বেগম মুর্শিদা মালা ও ফাহামিদা আকতার মনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। স্ত্রী লতিফা বেগম গৃহিনী। 
 
তার মৃত্যুতে- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, ডা. ইউনুস আলী সরকার এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, জেলা আ’লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, শহর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্যাহ আল মামুন, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন মরদেহে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
ইত্তেফাক/রেজা