শ্রীবরদী সদর ইউনিয়নের দহের পাড়ের এলজিইডি’র পাকা সড়কটি দু’দেশের পুকুরে প্রায় ধসে পড়েছে। রাস্তা ঘেঁষে গভীর পুকুর খনন করায় রাস্তার অর্ধেক ভেঙে বিলীন হয়ে গেছে পুকুরে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ঘটছে দুর্ঘটনা। রাস্তার দু’পাশে সরকারি গাছগুলোও পুকুরে পড়ে নষ্ট হচ্ছে।
উপজেলা সদর থেকে দহেরপাড় যাওয়ার এলজিইডি’র পাকা সড়কটির দু’পাশ ঘেঁষে খাড়াভাবে একাধিক পুকুর খনন করা হয়েছে। পুকুরগুলোতে করা হচ্ছে বাণিজ্যিকভাবে মাছ চাষ। পুকুরগুলো এ পাকা সড়কটির পাড় ঘেঁষে হওয়ায় সড়কটি ভাঙনের কবলে পড়েছে। সড়কটির শ্মশানঘাট ব্রিজ থেকে দক্ষিণ পাশের প্রায় হাফ কি.মি রাস্তা পুকুরে ভেঙে পড়ে অর্ধেক হয়ে গেছে। ভেঙে পড়ে পুকুরে বিলীন হয়ে গেছে সড়কের সরকারি গাছ। পুকুরের পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে রাস্তার ভাঙন। বড় হচ্ছে পুকুর, ছোট হচ্ছে রাস্তা।
শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান, সড়কের পাশের জমির মালিক হাবিবুর রহমান সড়ক ঘেঁষে গভীর পুকুর খনন করায় সড়ক ধসে পড়েছে। বিষয়টি নিয়ে রাস্তার মালিককে ব্যক্তিগতভাবে বললেও সে কর্ণপাত করেনি। শ্রীবরদী উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানতাম না। রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
