ফেডারেশন কাপ

চ্যাম্পিয়নরা ছুটিতে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০০

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন আবাহনীর খেলোয়াড়দের ছুটি দেয়া হয়েছে। দুই দিনের ছুটি কাটিয়ে খেলোয়াড়রা আবার অনুশীলনে ফিরবেন, নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় দল এবং ক্লাব অনুশীলনে খেলোয়াড়রা অনেক দিন ছুটি পাচ্ছিলেন না। ফেডারেশন কাপে রেকর্ড গড়া ট্রফি জয়ের পর খেলোয়াড়রা বেশ উল্লাসিত। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের উত্তেজনাপুর্ণ ফাইনালে আবাহনী ৩-১ গোলে নবাগত বসুন্ধরা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১৯৮০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের ত্রিশমত ফাইনাল হয়ে গেছে। আবাহনী সবচেয়ে বেশি ট্রফি জয়ে গৌরব মাথায় নিয়েছে। ১১টি ট্রফি আবাহনীর ঘরে। ১০টি ট্রফি মোহামেডানের ঘরে। একটা সময় মোহামেডানই সবচেয়ে বেশি ট্রফি জয়ের খেতাবটা ধরে রেখেছিল। এখন সেটা আবাহনীর ঘরে। ১৮টি ফাইনাল খেলেছে আবাহনী। এবার নিয়ে দুই বার হ্যাটট্টিক শিরোপা ঘরে তুলল নীল হলুদ জার্সির দল আবাহনী। পরশু রাতে ক্লাবে ফিরেই খেলোয়াড়দের সঙ্গে বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন আবাহনীর পরিচালক হারুনুর রশিদ। তিনি সব খেলোয়াড়দের বোর্ড রুমে ডেকে কথা বলেন এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান। দলের ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু এবং বিদেশি ফুটবলারও বক্তব্য রাখেন।

ফেডারেশন কাপ ফুটবলে হ্যাটট্টিক চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী খেলোয়াড়দের জন্য বোনাস ঘোষণা করেছে। তবে টাকার পরিমান বলা হয়নি। আাাবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন জানিয়েছেন আবাহনী কখনো বলে কয়ে বোনাস দেয় না। রুপু দা জানিয়েছেন তিনি নাবিল ভাইয়ের সঙ্গে কথা বলে বোনাস দেবেন।’ চ্যাম্পিয়ন কোচ জাকারিয়া বাবু বাসায় দুই সন্তানকে সময় দিচ্ছেন। ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র হাসিন বিন জাকারিয়া এবং কন্যা জাসিয়া বিন জাকারিয়াকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মেয়ের পিএসসি পরিক্ষা চলছে। খেলার কারনে খুব বেশি মনযোগ দিতে পারেনি বলে দুই দিনের ছুটির পুরো সময়টা ঢেলে দিচ্ছেন বাবা জাকারিয়া বাবু। খেলোয়াড়ী জীবন শুরু হয়েছিল মোহামেডানের জার্সি গায়ে নবীন খেলোয়াড়ের কোটায়। ইরানী নাসের হেজাজী তখন মোহামেডান কোচ। এক বছর খেলে মুক্তিযোদ্ধায় যোগ দেন। 

আবাহনীকে অভিনন্দন জানিয়েছে টুর্নামেন্টের রানার্সআপ বসুন্ধরা কিংস। তারা গতকাল বিকালে মিষ্টি ও ফুল পাঠিয়েছে। আবাহনী এখন স্বাধীনতা কাপ এবং এএফসি কাপেরও প্রস্তুতি নিবে।