ভোমরা স্থলবন্দরে ট্রাক উল্টে নিহত ১

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:৪২
সাতক্ষীরা জেলার ভোমরা স্থল বন্দরে মঙ্গলবার রাত ৯ টায় পাথর বোঝাই ভারতীয় ট্রাক উল্টে উজ্জ্বল সরকার নামের এক ব্যক্তি নিহত এবং অপর তিন জন মারাত্মক আহত হয়েছেন।
 
মৃত উজ্জ্বল সরকার খুলনা জেলার পাইকগাছা উপজেলার সরল গ্রামের ঠাকুর দাস সরকারের ছেলে। আহতরা হলেন, পাইকগাছা পৌর সভার বাতিখালী গ্রামের অনাথ বন্ধুর ছেলে ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রবি শঙ্কর বন্ধু এবং ভোমরা সদরের মোকছেদ গাজীর ছেলে আলম গাজীসহ তিন জন। আহতদের আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘটনাস্থলে থাকা সাতক্ষীরা সদর থানার এস আই বিপ্লব কুমার জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকা থেকে আসা একটি ভারতীয় পাথর বোঝাই ট্রাক ভোমরা স্থল বন্দরে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে একটি চায়ের দোকানের উপর উল্টে পড়ে। এ সময় খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চার জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বল সরকার। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর