সাতক্ষীরার তালায় অবাধে চলছে পাখি শিকার। সরকারি আইন অমান্য করে একটি অসাধু চক্র উপজেলার পাখিমারা টিআরএম বিলসহ নিম্ন এলাকার বিল অঞ্চলে বিষ প্রয়োগের মাধ্যমে অতিথি পাখি নিধন করছে বলে অভিযোগ ওঠেছে।
ছোট ছোট মাছের সাথে বিষ মিশিয়ে টোপ তৈরি করে তা বিলের বিভিন্ন জায়গায় ফেলে রাখছে শিকারিরা। এতে নিধন হচ্ছে গৃহপালিত হাঁসও। এছাড়া অনেকেই ইয়ারগান দিয়ে শিকার করে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার বালিয়া, খেশরা, জালালপুর, ধুলণ্ডা, খলিশখালী, ধানদিয়া, মানিকহার, সেনেরগাতীসহ নিম্ন এলাকার বিল অঞ্চলে বিষ প্রয়োগের মাধ্যমে বাইল হাঁস, ডাক, ধবল বক, কুচ বক, বাটাং, মাছরাঙ্গা সহ বিভিন্ন ধরণের অতিথি পাখি শিকারে মেতে ওঠেছে স্থানীয় এবং বহিরাগত কিছু লোক। পাখিগুলো তারা স্থানীয় বাজারে ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। তাদের প্রয়োগকৃত বিষটোপ পান করে মারা যাচ্ছে অনেক গৃহপালিত হাঁস। অনেকেই প্রকাশ্য দিবালোকে ইয়ারগান দিয়ে বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে বেড়াচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে ফসলের উপকারী কীট-পতঙ্গ, ব্যাঙ, দেশি প্রজাতির মাছসহ বিভিন্ন জীব বৈচিত্র্য।
এলাকাবাসী জানান, শিকারি চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ কারণে তারা তালা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/জামান
