জাতি গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী ড. হারুন-অর-রশিদ। বুধবার দুপুরে সেতাবগঞ্জ সরকারি কলেজের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ আজ অনেক দুর এগিয়েছে। এ ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে ২০২১ সালের মধ্যে আমাদের এ প্রিয় মাতৃভূমিকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে।
সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৬৭ সালে দলমত নির্বিশেষে আমাদের পূর্ব পুরুষেরা যে স্বপ্ন নিয়ে সেতাবগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেছিল আগামীতে সকলে মিলে এই ঐতিহ্যবাহী বিদ্যাপিঠটিকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মনজুর আলম ও সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রশিদ। এ সময় সাবেক অধ্যক্ষ যথাক্রমে মো. সফিউল আলম, মো. আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব পরিমল চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার মো. সারওয়ার মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের প্রধান সাবেক সহকারী অধ্যাপক মো. মেজবাহুজ্জামান মোল্লা বুলবুল।
IMG0
এদিকে, আগামী ২৫ ডিসেম্বর শুভ বড় দিন উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে জিআর অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। উপজেলার ৪৯টি গির্জায় মোট ৫৬ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান পেয়েছে নগদ ১১ হাজার ৫শ টাকা। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফসার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মামুন, ও মো. শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
