উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন ২তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ওসমান গণি মামুন(২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়াননগর এলাকার কাসেমের পুত্র। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, মুফতি ফয়েজুল্লাহ সড়ক সংলগ্ন নন্না মিস্ত্রীর বাড়ীর সম্মুখে জনৈক মো. শফির নির্মাণাধীন ২তলা ভবনের ছাদ ঢালাই কাজ করছিল মামুন। বেলা ১১ টায় অসাবধানতাবসত তিনি ভবনের ২য় তলার ছাদ থেকে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌনে ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
ইত্তেফাক/নূহু
