ভোট দিয়েছেন ঝন্টু, বাবলা ও মোস্তফা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৩:৩২
 
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ১০টায় মিনিটে নগরীর গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে আমি জয়ী হবো। প্রধানমন্ত্রী নিজে আমাকে মনোনীত করেছেন। তাই উন্নয়নের স্বার্থে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
 
সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে কিনা সেব্যাপারে বাবলা শঙ্কাও প্রকাশ করেছেন।
 
সকাল ৯টা ২১ মিনিটে নগরীর আলমনগর কলেজরোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।
 
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নিউ সেনপাড়ায় শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই নির্বাচন হলো নির্বাচন কমিশনের পরীক্ষা। এর মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে যে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে।  কাজেই এই নির্বাচন সুষ্ঠু হবে।
 
রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), বিএনপি’র মেয়র প্রার্থী রংপুর মহানগর বিএনপি’র সহ-সভাপতি কাওসার জামান বাবলা (ধানের শীষ), জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), জাপা (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা বহিস্কৃত কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বতন্ত্র মেয়র প্রার্থী এইচএম আসিফ শাহরিয়ার (হাতি), বাসদের মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু (হাত পাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী সেলিম আখতার (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ইত্তেফাক/আনিসুর