রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আজ বৃহস্পতিবার সকালে রসিক নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এরশাদ আরো বলেন, এটা নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় তাঁদের উত্তীর্ণ হতে হবে। দেখাতে হবে যে তাঁরা নিরপেক্ষ।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন তার ভাই জি এম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ দলীয় নেতাকর্মীরা।
IMG0
এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে এখন শুধুই উৎসবের আমেজ। তবে সহিংস ঘটনারও আশঙ্কা করা হচ্ছে। ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
তবে থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
ইত্তেফাক/এমআর
