রসিক নির্বাচন

ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ, ভোটারদের স্বাচ্ছন্দ্যবোধ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৭
 
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের নতুন মাত্রা যোগ হয়েছে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ। এর আগে কখনো এই এ অঞ্চলে এই পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। তবে এ পদ্ধতিতে ভোট দিতে এসে ভোটাররা খুশি হলেও ভোট গ্রহণের সময় লাগছে বেশি। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু করেছে।   এ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো।
 
নির্বাচন প্রিজাইডিং অফিসার মোঃ আজাহারুল ইসলাম জানান, ইভিএম মেশিনে প্রথমে একটু ত্রুটি দেখা দিলেও ১০ মিনিটের মধ্যেই তার সমাধান করা হয়েছে। যান্ত্রিক কোনো সমস্যা হলেই মুহূর্তেই তা সেরে ফেলা হচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৯ জন। এর মধ্যে পুরুষ ৯’শ ৭১ এবং মহিলা ১ হাজার ৮৮ জন। ৩ টি বুথে পুরুষ এবং ৩টি বুথে মহিলা ভোটাররা ভোট প্রদান করছেন। বেলা দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৬’শ ভোট কাস্ট হয়েছে বলে তিনি জানান। 
IMG0
তিনি আরো জানান, একেকটি ভোট গ্রহণে ২ থেকে ৩ মিনিট সময় লাগছে। তবে ভোটারা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানকারী মাজেদা বেগমসহ একাধিক ভোটার জানান, এই পদ্ধতিতে ভোট প্রদান খুব ভালো লেগেছে। বিভিন্ন দলের মেয়র প্রার্থীদের এজেন্টরা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো জাল ভোটার ধরা পড়েনি। এদিকে, ৩টি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি ভোট প্রদানসহ সার্বিক বিষয় নিয়ন্ত্রণ করছেন নির্বাচন কমিশন। 
 
ইত্তেফাক/আনিসুর