ওই দুই শিশুকে বিভাগীয় প্রশাসনের সংবর্ধনা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১০
 
রাজশাহীর বাঘায় বুদ্ধিমত্তা দিয়ে ৩২টি বগির তেলবাহী ট্রেন নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষাকারী দুই সাহসী শিশুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। তিনি শিশু শিহাব ও লিটনকে নগদ ৫ হাজার করে টাকা, ক্রেস্ট, গরম কাপড়, কম্বল ও ফুলেল শুভেচ্ছা জানান।
 
এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, আড়ানী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন, বাঘা প্রেসক্লাব সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, ইঞ্জিনিয়ার আখতার রহমান, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক।
 
উল্লেখ, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার আড়ানী স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে রেল লাইন ভাঙা দেখে লাল মাফলার উঁচু করে দুই শিশু উড়াতে থাকে। চলন্ত তেলবাহী ট্রেন থেমে যায়। ফলে দুই শিশুর বুদ্ধিতে ইঞ্জিনসহ ৩২টি বগির তেলবাহী ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
 
ইত্তেফাক/আরকেজি