রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৩৭ কেন্দ্রের বেসরকারি ফলাফল সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের হাতে এসেছে। এ সব কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছে।
৩৭ কেন্দ্রে জাপা প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ২৭ হাজার ৩৯ ভোট। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ৯ হাজার ৪৬৯ ভোট এবং বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২ হাজার ৯১৪ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোয় ভোটাররা আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা ছিল।
রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ৩৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন।
একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ : ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে বিএনপিসহ বিভিন্ন মহলে বিরোধীতা ও আপত্তি থাকলেও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করে ভোটাররা স্বাচ্ছন্দ বোধ করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৯ জন।
নির্বাচন প্রিজাইডিং অফিসার আজাহারুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ৬১.৭২ শতাংশ ভোট প্রদান করেছেন ভোটাররা। ইভিএমে জাপা (এ) প্রার্থী ৬৭৪ ভোট, আওয়ামী লীগ প্রার্থী ৩৩৪ ভোট ও বিএনপি ১১৭ ভোট পেয়েছে।
ইত্তেফাক/ইউবি
