বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রিহ্যাবের সদস্য ছাড়া কেউ রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫ দিনব্যাপী ‘রিহ্যাব ফেয়ার-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিন এ কথা বলেন।
আবাসন খাতের বাণিজ্য সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । সভাপতিত্ব করেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (শাওন)।
বাণিজ্যমন্ত্রী বলেন,আবাসন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে অর্থমন্ত্রীর সাথে তিনি আলোচনা করবেন।
নসরুল হামিদ জানান, আগামী বছরের এপ্রিলে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, এই ফেয়ার ক্রেতা ও বিক্রেতার মধ্যে মেল বন্ধন গড়ে তুলবে।
রিহ্যাবের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, সহ সভাপতি (ফিন্যন্স) প্রকৌশলী সোহেল রানা, রিহ্যাব পরিচালক ও ফেয়ার কমিটির চেয়ারম্যান মো: শাকিল কামাল চৌধুরী, রিহ্যাব পরিচালক ও প্রেস এ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান কামাল মাহমুদসহ অন্যান্য নেতৃবন্দ এ সময় উপস্থিত ছিলেন।
৫ দিনব্যাপী এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ২০৫টি স্টল রয়েছে। মেলার কো-স্পন্সর হিসেবে অংশ নিয়েছে ২৪টি প্রতিষ্ঠান। এছাড়া বিল্ডিং ম্যাটেরিয়ালস সংক্রান্ত ৩০টি এবং ১৩টি আর্থিক প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করছে। মেলা উপলক্ষে নানা উপহারসহ এককালীন মূল্য পরিশোধে ফ্ল্যাট ও প্লটে ছাড় দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ মূল্য ৫০ টাকা। তবে ১০০ টাকার মাল্টিপল টিকেট দিয়ে যে কেউ ৫বার মেলায় প্রবেশ করতে পারবেন। বাসস।
ইত্তেফাক/রেজা
