আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্যবসায়ীর ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবা নামক স্থানে ছিনতাইকারীরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করেছে। এ ঘটনায় পোল্ট্রি ফিড ব্যবসায়ী তালুকদার জলিল (৩৮) বাদি হয়ে গৌরনদী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। তালুকদার জলিল পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরআইকান্দি গ্রামের তালুকদার আঃ হাইর পুত্র।
পুলিশ সুত্রে জানা গেছে, তালুকদার জলিল উপজেলার টরকী বন্দর শাখা ন্যাশনাল ব্যাংক থেকে দুপুর ১২টার দিকে সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করেন। উক্ত টাকা নিয়ে ইজি বাইকে (ব্যাটারী চালিত) গৌরনদী বন্দরের উদেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ৫ থেকে ৬ জন আরোহীর একটি সাদা মাইক্রোবাস ইজি বাইকটির পথ আটকায়। ছিনতাইকারীরা মাইক্রোবাস থেকে নেমে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ী জলিলকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।
পরবর্তীতে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে জলিলের সঙ্গে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তারপর জলিলকে সড়কের পাশে ফেলে মাইক্রোবাস নিয়ে চলে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/নূহু
