বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টার অভিযোগে আটক ৩

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২২:২৬
 
বাগেরহাটের মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সদর উপজেলার বারুইপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
তারা হলেন- সদর উপজেলার বারুইপাড়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে আকরাম শেখ (৩৬), একই গ্রামের মৃত আনসার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪৮) এবং মৃত মহব্বত শেখের ছেলে উকিল শেখ (৩৪)।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বারুইপাড়া বাজার থেকে আকরাম শেখ নামে একজনকে আটক করে পুলিশ। তাকে মুক্তিযোদ্ধা আবু মল্লিকের উপর হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং কেন কার পরিকল্পনায় ক'জনে মিলে তার উপর হামলা করেছে তাদের নাম পরিচয় প্রকাশ করে তথ্য দেয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বারুইপাড়া গ্রাম থেকে জাহাঙ্গীর ও উকিল শেখকে আটক করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি