ফুলপুরে ১ লাখ ৪৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০০:৩২

শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড)। এ ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ্যাডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিমল কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব  উন্নয়ন কর্মকর্তা মো.আবুল বাশার ভূঁইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুননেছা সিদ্দিকা, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইনকিলাব সংবাদদাতা খলিলুর রহমান, ইত্তেফাক সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক এটিএম রবিউল করিম, বিল্লাল হোসাইন ও তফাজ্জল হোসেন প্রমুখ।

সভায় আগামী শনিবার (২৩ ডিসেম্বর) ফুলপুরে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৫৭০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৩২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।

ওই দিন একযোগে ৫০৩টি কেন্দ্র, প্রতিটি ইউনিয়নে ১টি এবং বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্র থাকবে। মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবীরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল ক্যাম্পেইন কেন্দ্রে অবস্থান করবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিমল কুমার পাল বলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল গত ৪ মাসের মধ্যে খেয়েছে এমন শিশুদের খাওয়ানো যাবে না। সেই সাথে খালি পেটে এবং অসুস্থ্য শিশুকেও খাওয়ানো যাবে না। তবে প্রতিবন্ধি শিশুকে খাওয়াতে হবে।

ইত্তেফাক/নূহু